হবিগঞ্জ প্রতিনিধি

১২ জুলাই, ২০১৫ ০২:২৯

চলচ্চিত্র ‘দর্পচূর্ণ' নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক চলচ্চিত্র ‘দর্পচূর্ণ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে হবিগঞ্জের পুলিশ প্রশাসন। শনিবার (১১ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চলচ্চিত্রটি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

সভায় পুলিশ সুপার বলেন, হবিগঞ্জের গ্রামাঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিভাবে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে তারই চিত্র এ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।

সমর্পণ প্রোডাকশনের ব্যানারে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র নিবেদিত ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম প্রযোজিত ‘দর্পচূর্ণ’ চলচ্চিত্রটির প্রিমিয়ার ২৭ জুলাই জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রটির নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইফুদ্দিন জাবেদ।

চলচ্চিত্রটি সম্পর্কে প্রযোজক মোতাচ্ছিরুল ইসলাম ও পরিচালক ইফতেখার আহমেদ ফাগুন জানান, হবিগঞ্জের স্থানীয় লোকজনের বোঝার সুবিধার্থে আঞ্চলিক ভাষা ব্যবহার করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।

সমর্পণের প্রধান ব্যবস্থাপক সাইফুদ্দিন জাবেদ বলেন, হবিগঞ্জের আশেপাশে বিভিন্ন লোকেশনে ৩০ দিন শ্যুটিংয়ের পর ১ ঘণ্টা ২০ মিনিটের এ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।

সভায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত