সেলিম আহমেদ

১২ জুলাই, ২০১৫ ১৬:৩৫

কুলাউড়ার ঈদবাজার: শেষমুহুর্তের কেনাকাটায় উপচেপড়া ভীড়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদরসহ প্রধান ৫টি বাজারে ঈদের শেষমুহুর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ। মানুষের উপচেপড়া ভীড়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। এবার কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক অস্থিরতা না থাকায় প্রবাসী অধ্যুষিত কুলাউড়ায় ঈদের কেনাকাটায় এই উপচেপড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে।

কুলাউড়া শহরের প্রধান প্রধান বিপনী বিতান মিলি প্লাজা, এসএম প্লাজা, বশির প্লাজা, আজিজ রওশন কমপ্লেক্সসহ সবক’টি কাপড়ের দোকানেই উপচে পড়া ভীড়। শুধু কাপড়ের দোকান নয় জুতার দোকান, কসমেটিক্স, টেইলারিং সবখানেই মানুষের ভীড়। বিশেষ করে ব্যাংকে প্রবাসীদের পাঠানো টাকা উত্তোলনে মানুষের ভীড় লক্ষনীয়। টাকা দিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের। এদিকে ক্রেতাদের আকর্ষণ করতে প্রতিটি মার্কেটে কেনা-কাটার উপর দেয়া হচ্ছে বিশেষ কুপন। আর সেইসব কুপনে উল্লেখ রয়েছে আকর্ষনীয় পুরুস্কারের ঘোষণা।

কুলাউড়া সদর ছাড়াও উপজেলার ব্রাহ্মণবাজার, রবিরবারাজার, ফুলেরতল বাজার ও ভাটেরা বাজারের দোকানেও ঈদের কেনাকাটায় ভীড় রয়েছে।

প্রবাসী অধ্যুষিত কুলাউড়ায় এবার ঈদে প্রচুর সংখ্যক প্রবাসী পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে এসেছেন। প্রবাসীরা জানান, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ কাজে লাগিয়ে পরিবারের সাথে ঈদ করতে তারা দেশে এসেছেন।

ব্যবসায়ীরা জানান, বিগত ১০ বছরের তুলনায় এবার ঈদের কেনাবেচা ভালো। বর্ষাকাল হলেও প্রাকৃতিক বৈরীতা না থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত