১৩ জুলাই, ২০১৫ ১১:৫৯
শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি মুহিত আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে সিলেট মহানগর ২য় আদালতের বিচারক ফারহানা আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার মুহিত আলমের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার (ওসি, তদন্ত) আলমগীর হোসেন আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য়) আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন।
মামলার অপর আসামীরা এখনো পলাতক রেয়েছ। এরমধ্যে মুহিতের ভাই ও মামলার আসামী কামরুল ইসলাম সৌদী আরব পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার আদালতে মামলার শুনানীকালে রাজনের বাবা শেখ আজিজুর রহমানসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে শিশু শেখ মো. সামিউল আলম রাজন (১৩) কে খুন করা হয়। দুপুর ১ টার দিকে মাইক্রোবাসযোগে তার লাশ ফেলে পালানোর সময় জনতা গাড়ীসহ এক জনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে।
মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।
আপনার মন্তব্য