নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০১৫ ১৮:৫৬

খুনিদের আইনী সহায়তা না দেওয়ার আহ্বান; আদালতে দুই প্রত্যক্ষদর্শীর জবানবন্দি

খুনিদের শাস্তির দাবিতে কুমারগাওয়ে বিক্ষোভ সমাবেশ

রাজন হত্যা মামলায় আটক দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্যাহ ও ফিরোজ আলী আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর ১ম হাকিম আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে তারা জবানবন্দি দেন।

এদিকে, সকল খুনিদের গ্রেফতারের দাবিতে কুমারগাওস্থ তেমূখী পয়েন্টে এলাকাবাসী আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশ থেকে আইনজীবীদের প্রতি এই মামলার আসামীদের আইনী সহায়তা না দেওয়ার আহ্বান জানানো হয়।

সোমবার রাত ১১ টায় রাজন হত্যার দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্যাহ ও ফিরোজ আলীকে কুমারগাও এলাকা থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাজনকে নির্যাতনের সময় তারা পাশে দাঁড়িয়ে দেখছিলো।

তিনি জানান, আটককৃত মুহিতের স্ত্রী লিপিকে শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির করা যায়নি বলে জানান তিনি।

এদিকে রাজন হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দ্রুত বিচার দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশে আশপাশের এলাকায় বেশ কয়েকটি গ্রামের তিন সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত বাকী আসামীদের গ্র্রেফতার ও শাস্তি দাবী করেন।

এসময় আসামীদের পক্ষে আইনগত সহায়তা না করতে আইনজীবিদের প্রতি অনুরোধ জানান কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ।

আপনার মন্তব্য

আলোচিত