২৯ অক্টোবর, ২০১৮ ১৭:৪৮
মৌলভীবাজারের কমলগঞ্জে সাহিত্যরত্ন, কাব্যবিনোদ, পুরাতত্ত্ববিদ ও লোকসাহিত্য গবেষক মুন্সী আশরাফ হোসেন এর ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) রাত ৭টায় মুন্সীবাজার লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্থানীয় আলতাফ কম্পিউটার্স সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের আহবায়ক কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে ও আশরাফ হোসেন ট্রাস্টের মহাসচিব হোসেন জুবায়েরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শহীদ সাগ্নিক।
আলোচনায় অংশ নেন সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, কবি অবনী শর্ম্মা, কবি শহীদুর রহমান সায়েদ, সংগীত শিল্পী অমলেশ শর্ম্মা, কবি আব্দুল হাই ইদ্রিছী, কবি হিফজুর রহমান তুহিন, শিক্ষক শমশের আলী, শিক্ষক হোসেন সাইদুল, মরমী গীতিকার আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা সাহিত্যরত্ন মুন্সী আশরাফ হোসেনের স্মৃতি ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর আদর্শ চেতনায় লালন করে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য একটি পাঠাগার ও ফাউন্ডেশন গড়ে তোলার জন্য উত্তরাধিকারীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য