৩০ অক্টোবর, ২০১৮ ১৩:২৭
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির পর সিলেট থেকে শুরু হয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। দুইদিনের এ ভোগান্তি শেষে সিলেটের কদমতলী বাস টার্মিনালসহ সিলেটের অন্যান্য সকল টার্মিনালেই সকাল থেকেই যাত্রী উপস্থিতি ছিলো লক্ষণীয়।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৫টা নাগাদ সিলেট কদমতলী থেকে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা রুটের যাত্রীবাহী বাসগুলোকে ছেড়ে যেতে দেখা গেছে। এছাড়াও এসব টার্মিনাল থেকে ছেড়ে গেছে স্বল্পপাল্লার গণ পরিবহণও। আবার বিভিন্ন স্থান থেকে এ রুট ব্যবহার করা পরিবহনগুলোও যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে।
এসব পরিবহনের মধ্যে রয়েছে - শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, গ্রিন লাইন, ইউনিক, এনা, হবিগঞ্জ এক্সপ্রেস, লন্ডন এক্সপ্রেস, মামুন পরিবহনসহ অন্যান্য পরিবহন।
এদিকে দুইদিনের ভোগান্তি শেষে যানবাহন চলাচল শুরু হওয়ার পর স্বস্তি ফিরেছে জনমনে। এছাড়াও কিছু হলেই পরিবহন বন্ধ-এমন ‘জিম্মিদশা’ থেকে চিরতরে মুক্তি চান সাধারণ যাত্রীরা।
ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রী মুবিন আহমেদ বলেন, জনমনে স্বস্তি এলেও শঙ্কা এখনো কাটেনি। একটা কিছু হলে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের ‘জিম্মি’ করে ফায়দা নেওয়া হয়। এটা স্থায়ীভাবে বন্ধ করতে হবে বলেও মতামত প্রকাশ করেন তিনি।
আপনার মন্তব্য