শ্রীমঙ্গল প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০১৮ ১৫:০৪

শ্রীমঙ্গলে সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলার আয়োজন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (৩০ অক্টোবর) দেশের সব উপজেলার ন্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার সকালে বর্ণাঢ্য এক র‍্যালির মাধ্যমে আয়োজনের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব ৷ এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান। পরে র‍্যালিটির শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান সাগর হাজরা,৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়,প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ৷

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারা দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ-একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশের পাশাপাশি পরিবেশ সুরক্ষা এবং সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

এছাড়া স্থানীয় প্রশাসনের সকল দপ্তর-সংস্থার সমন্বয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করে উন্নয়ন র‌্যালি আয়োজন করা হবে।

এই মেলার উদ্দেশ্য-উপজেলা পর্যায়ে জনসাধারণকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচার-প্রচারণার মাধ্যমে এসকল কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে অধিকতর সচেতন করা। ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের দৃঢ়প্রত্যয় সম্পর্কে স্থানীয় জনসাধারণকে অবহিত করার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বিকশিত করা এবং স্থানীয় পর্যায়ের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসারের সুযোগ সৃষ্টি করা।

আপনার মন্তব্য

আলোচিত