৩০ অক্টোবর, ২০১৮ ১৭:২৭
'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' স্লোগানে বানিয়াচংয়ে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে এ মেলা শুরু হয়।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক, পিআইও প্লাবন পাল, মাধ্যমিক কর্মকর্তা কাওছার শোকরানা, শিক্ষক বিপুল ভূষণ রায় প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য, জনপ্রিয়তা ও গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসবের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠান।
শোভাযাত্রার শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সার্বিক তথ্য তুলে ধরার জন্য ১৩টি স্টল খোলা হয়েছে। স্টলগুলো থেকে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান করা হয়েছে মেলায় আগত দর্শনার্থীদের।
আপনার মন্তব্য