নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০১৮ ১৮:৪৬

সিলেটে ব্রিটিশ কাউন্সিলের নতুন কার্যালয় উদ্বোধন

সিলেটে ব্রিটিশ কাউন্সিলের নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে। বুধবার সিলেটের আম্বরখানায় দর্শন দেউড়িতে আর্কেডিয়ায় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

ব্রিটিশ কাউন্সিল নতুন এ কার্যালয় থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থা, এবং শিক্ষার্থী ও শিক্ষকসহ দেশজুড়ে নানা অংশীজনের সেবাদানে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিলেটে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে প্রতিবছর ৭ হাজারের বেশি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা সেবা ছাড়াও ব্রিটিশ হাই কমিশন, ইউকেএইড ও ইউরোপীয় ইউনিয়নের সাথে যৌথভাবে সিলেটে ব্রিটিশ কাউন্সিল নানা ধরনের সামাজিক সচেতনতামূলক প্রকল্প পরিচালনা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের ট্রাস্টিবোর্ড সদস্য জেমস ক্রোনিন, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম, ডিরেক্টর এক্সামস সেবাস্তিয়ান পিয়ার্স এবং সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।

সিলেটি ঢঙে বাউলসংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা বক্তব্য দেন।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে ব্রিটিশ কাউন্সিল বিশ্বমানসম্পন্ন সুযোগ ও উন্নত সেবার মাধ্যমে সিলেটের মানুষ আগের চেয়েও বেশি উপকৃত হবে।

ব্রিটিশ কাউন্সিলের ট্রাস্টিবোর্ড সদস্য জেমস ক্রোনিন বলেন, বিশ্ব এখন আগের চেয়েও বেশি বৈশ্বিক হয়ে উঠছে এবং বেশ দ্রুতগতিতে একটি জায়গায় মিলিত হচ্ছে। পাশ্চাত্যের কারিগরি ও জ্ঞানভিত্তিক সমাজে বসবাসের জন্য নিজেকে মানিয়ে নিতে সিলেটের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যুক্তরাজ্যের শিক্ষাসহ অন্যান্য বিষয়গুলো বেছে নিচ্ছে। যুক্তরাজ্যের সিলেটের প্রবাসীদের কারণে অর্থনীতির ক্ষেত্রে সিলেট এখন অন্যতম সমৃদ্ধ শহরগুলোর একটি। এর ফলে এখানকার মানুষ যুক্তরাজ্যের সনদের সর্বব্যাপী গ্রহণযোগ্যতা সম্পর্কে সচেতন। এক্ষেত্রে, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সিকিউরড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং (এসইএলটি)- এর জন্য বর্তমানে সিলেট বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার। বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ভিসা পাওয়ার ক্ষেত্রে এসইএলটি আবশ্যক বিষয়।

ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম বলেন, সিলেটের মানুষদের জন্য আরও সমৃদ্ধ সেবা ও উন্নতমানের সব সুযোগ প্রদানই সিলেটে ব্রিটিশ কাউন্সিলের নতুন কার্যালয় উদ্বোধনের উদ্দেশ্য। আমাদের লক্ষ্য রয়েছে, দেশের অন্যান্য শহরেও ব্রিটিশ কাউন্সিলের সেবার সম্প্রসারণ ঘটানো।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, ব্রিটিশ কাউন্সিলের সদস্য, ব্রিটিশ হাই কমিশনের সদস্য, স্কুল অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিলেট চেম্বার অব কমার্সের ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সরকারের সাথে কাজ করার পাশাপাশি, দেশের স্থানীয় নানা প্রতিষ্ঠান ও সংস্থা এবং যুক্তরাজ্যের অংশীদার নানা সংস্থাকে দেশজুড়ে শিক্ষা, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ও শিল্পের সেবা ও উন্নয়নমূলক প্রকল্পে সহায়তা করে আসছে। এসব প্রতিষ্ঠান ও সংস্থার সাথে অংশীদারিত্বের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল দেশজুড়ে স্কুল ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষাগত যোগ্যতা অর্জন, কমিউনিটি উন্নয়ন, লাইব্রেরির মাধ্যমে মানসম্পন্ন শিক্ষাবিষয়ক তথ্যে সবার সুযোগ তৈরি এবং ইংরেজি ভাষাশিক্ষা প্রদান ও পেশাদারিত্বে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশজুড়ে শিক্ষাদান ও শেখার পদ্ধতিতে মানোন্নয়ন ঘটিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত