১৬ জুলাই, ২০১৫ ২২:০৭
সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘রানার এইড’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭০জন নারী পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় শহরের লঞ্চঘাটস্থ স্কাউট ভবনে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সহ সভাপতি কবি ইকবাল কাগজীর সভাপতিত্বে ও সংগঠক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্টিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তুরন মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, নাটাবের সভাপতি ধুর্জটি কুমার বসু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজনসেন রায়, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক তাহের আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, আমেরিকা প্রবাসী কবি বাবর বখত, লন্ডন প্রবাসী সমাজসেবক মো. সফির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, ঈদে রানার এইড যেসব উন্নত মানের ঈদবস্ত্র বিতরণ করেছে অন্যান্য সংগঠনের বেলায় তা দেখা যায়না। এই শুভ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তুরন মিয়া বলেন, ঈদ উপলক্ষে সংগঠনের উদ্যোগটি ভালো। হত দরিদ্র মানুষ ঈদের নতুন কাপড় পেয়ে খুবই আনন্দিত হয়েছে। সমাজের বিত্তবান মানুষকে গরিবদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আপনার মন্তব্য