১৮ জুলাই, ২০১৫ ১৭:৫৩
হবিগঞ্জ জেলা কারাগারে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের উপর হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। দুপুরে তাকে ঢাকা পাঠানো হয়েছে।
জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মেয়র গউছ কারাগারের ভেতর ঈদ নামাজ শেষে তার ডিভিশনের কাছ দিয়ে পায়চারি করছিলেন। এসময় কারাগারে আটক হত্যা মামলার আসামী জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের ইলিয়াছ অতর্কিতভাবে বালতির রড দিয়ে জি কে গউছের উপর হামলা চালায়। এলোপাতাড়ি মারপিটে একপর্যায়ে জিকে গউছ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেল সুপারের কার্যালয়ে নিয়ে যায়।
এ খবর শহরে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা কারাফটকে এসে জড়ো হন। এ সময় জেল সুপারের অফিস কক্ষে ভাংচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা হবিগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দিয়ে সড়ক অবরোধ করেন। বেলা ১টায় মেয়র জি কে গউছকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশফাকুল ইসলাম জানান, জি কে গউছের আঘাত তেমন গুরুতর নয়। তবুও ঝুঁকি না নিতে তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য