২০ জুলাই, ২০১৫ ০০:২৯
নিখোঁজ হওয়ার তিন দিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর শাখার গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের সন্ধান পাওয়া গেছে।
গত শুক্রবার সকালে গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জের শিবপাশার উদ্দেশ্যে যাত্রার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ সময় বারবার চেষ্টার পরও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তিনি আদমপুর গ্রামীণ ব্যাংক শাখায় এসেছেন।
গত জানুয়ারি মাসে গ্রামীণ ব্যাংক আদমপুর শাখায় যোগ দিয়েছিলেন মিজানুর। তিনি গত শুক্রবার কর্মস্থল থেকে স্ত্রী তাছলিমা রহমান জাকিয়া ও তিন সন্তানসহ হবিগঞ্জে যান। শহরের ২নং পুল এলাকায় শ্বশুরের বাসায় স্ত্রী-সন্তানদের রেখে সকাল ১১টার দিকে তার গ্রামের বাড়ি আজমিরিগঞ্জের শিবপাশার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মিজানুর বলেন, 'আমি শ্বশুরবাড়ি থেকে ঢাকায় চলে গিয়েছিলাম। মোবাইল ফোনটি ব্যক্তিগত কারণে বন্ধ রেখেছিলাম। তবে ঢাকা যাওয়ার পথে আমার শ্যালিকাকে মোবাইলে ফোনে জানিয়েছিলাম। বর্তমান আমি সুস্থ আছি। আমার কোনো অসুবিধা হয়নি।'
ব্যাংক কর্মকর্তা মিজানুর আরও বলেন, 'গ্রামের বাড়ি আজমিরিগঞ্জ থেকে ছোট ভাই হাসিনুর এসেছে আমাকে নিতে। তার সঙ্গে আমি হবিগঞ্জ যাচ্ছি।'
ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী জাকিয়া হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
এদিকে, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, 'আমিও খবর পেয়েছি গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের খোঁজ মিলেছে।'
আপনার মন্তব্য