সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৮ ১৮:০৩

স্বামীর হত্যাকারীদের শাস্তি দাবি আসমা খানমের

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সিলেট মহানগরের জালালাবাদ থানার বাবুরাগাঁওয়ের লোকমান মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে তার স্ত্রী আসমা খানম।

শনিবার (২৪ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসমা খানম জানান, সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ নভেম্বর মারা যান লোকমান মিয়া। ঘটনার ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এখনও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিরা প্রতিনিয়ত নানাভাবে তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। পাশাপাশি ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে হয়রানিও করছে।

তিনি জানান, ৪ নভেম্বর সন্ধ্যায় কবির মিয়া তার স্বামীকে ফোনে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তাদের বাড়িতে প্রবেশ করা মাত্র অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে কবির ও তার সহযোগীরা। বাড়ির পুকুরপাড় থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা লোকমান মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফিরলে তিনি বলে যান, ‘কবির, শামীম, রকীব ও তাদের সহযোগীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে।’

সংবাদ সম্মেলনে আছমা খানম বলেন, চিকিৎসাধীন অবস্থায় ৭ নভেম্বর তার স্বামী মারা যান। এর আগের দিন ৬ নভেম্বর তিনি বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা (নং-০৬) দায়ের করেছিলেন। তার স্বামী মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। তবে ঘটনার ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও খুনিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ তারা অনেকটা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি আরও বলেন, তথ্য দিলেও জালালাবাদ থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে রহস্যজনক ভূমিকা পালন করছে। উল্টো আসামিরা প্রকাশ্যে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আসামিদের হুমকিতে সন্তানদের নিয়ে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। খুনীচক্র যেকোন সময় আমাদের বড় রকমের ক্ষতি করতে পারে।
আসমা তার স্বামী হত্যার বিচার চান। পাশাপাশি খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ কমিশনারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আসমা খানমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে হাফিজ আশফাক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা নাজিম উদ্দিন, ইউপি সদস্য মুস্তফা আহমদ, মাওলানা মঈনুল ইসলাম রাজা, খলিলুর রহমান, আলা উদ্দিন, আব্দুল খালিক, রফিকুজ্জামান, হাফিজ মাহমুদ খান, আমিনুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত