২৮ নভেম্বর, ২০১৮ ২২:১০
সিলেট-২ আসনে (বিশ্বনাথ, ওসমানী নগর ও বালাগঞ্জ একাংশ) মনোনয়নপত্র দাখিল করেছেন ঐক্যফ্রন্ট নেতৃত্বাধীন বিএনপি দলীয় সাবেক এমপি নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা। একই সময়ে একই আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেন ইলিয়াস ও লুনা দম্পতির পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
বুধবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেটের বিশ্বনাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নিকট তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী কে থাকবেন এমন প্রশ্নের জবাবে ইলয়াসপত্নী লূনা সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন ঠিকই কিন্তু, নির্বাচনের পরিবেশ এখনও তৈরী হয়নি। তবে, পঞ্চাশভাগ নিরপেক্ষ ভোট হলেও এই আসনে বিএনপি কিংবা ইলিয়াস পরিবারের যে কেউ নির্বাচিত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে ইলিয়াস আলীর ছোটভাই যুক্তরাজ্য প্রবাসী আছকির আলী ছাড়াও তাদের সঙ্গে ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বশির উদ্দিন, ওসামানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, সহ-সভাপতি আবদুল মতিন ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন।
আপনার মন্তব্য