২৮ নভেম্বর, ২০১৮ ২৩:০০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনের জন্য ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দিরাইয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
আওয়ামীলীগ মনোনীত দিরাই-শাল্লার সংসদ সদস্য জয়া সেন গুপ্তা নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তাঁর সাথে ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আল-আমীন চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায় প্রমুখ।
বিএনপি মনোনীত দিরাই-শাল্লার সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়ন জমা দেন শাল্লা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র কুমার দাস ও দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব ছোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী সায়মন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাশেমী, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, দিরাই উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাবেল, গণতন্ত্রী পার্টি মনোনীত গোলজার আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত নিরঞ্জন দাস খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল হাই।
এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জয়া সেনগুপ্তা ও উপজেলা বিএনপি কার্যালয়ে নাছির উদ্দিন চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন।
আপনার মন্তব্য