২১ জুলাই, ২০১৫ ১৯:২২
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীর জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জামিন বাতিল হওয়া জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে রয়েছেন আবদুল মান্নান, মোস্তফা উদ্দিন, বদরুল ইসলাম, ফয়জুর রহমান, এখলাছুর রহমান, আবদুল হামিদ, ফরিদ আহমদ, শফিক, সাফি ও মুন্নাসহ ৪৯ জন।
আদালত সূত্রে জানা যায়- ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিয়ানীবাজারে পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা (নং- ১৪৫/১৩) হয়। মামলার সকল আসামী এতোদিন জামিনে মুক্ত ছিলেন।
মঙ্গলবার চার্জ গঠনের দিন সকল আসামী আদালতে হাজির হন। আদালতের বিচারক মো. নজরুল ইসলাম ৪৯ আসামীর সবার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আপনার মন্তব্য