সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:১২

রেলওয়ের সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা লাইনে নতুন বগি সংযুক্তির আশ্বাস

বাংলাদেশ রেলওয়ের চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) রশিদা সুলতানা গণি বলেছেন, বাংলাদেশ রেলওয়ে সব সময় যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে যাত্রী সেবার মান উন্নত করছে। খুব শীঘ্রই বাংলাদেশ রেলওয়েতে প্রায় দু’শ নতুন বগি সংযোজন হবে। এই সব বগির মধ্যে সিলেট-চট্টগ্রাম লাইনে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ও সিলেট-ঢাকা লাইনে উপবন এক্সপ্রেসে নতুন বগি সংযুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে সিলেটে বাংলাদেশ রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় তিনি যাত্রী সাধারণের উদ্দেশ্যে বলেন, রেলওয়ে আপনাদেরই সম্পদ। এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও আপনাদের। তিনি যাত্রীদের সকল সমস্যা দ্রুত নিরসন করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন যাত্রীদের অভিযোগ প্রদানের জন্য ষ্টেশনে অভিযোগ বক্স লাগানো হয়েছে। যাত্রীরা অভিযোগ উক্ত বক্সে দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নিরাপদ সড়ক চাই নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই সংগঠনকে বাংলাদেশ রেলওয়ের প্রচার অভিযানে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মনির হোসাইন চৌধুরী, নিরাপদ সড়ক চাই-নিসচা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ঢাকা (গ্যরেজ) শাহ সুফী নুর মোহাম্মদ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ঢাকা সুলতান আলী, সিলেটের ভারপ্রাপ্ত ষ্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, মহানগর সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, জেলার সাধারণ সম্পাদক মাহমুদ খান, মহানগর সভাপতি আব্দুল হাদী পাবেল, ওসি জিআরপি জামান আহমদ প্রমুখ।
 
অতিথিরা বেলুন উড়িয়ে রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করেন। পরে আন্ত:নগর পাহাড়িকা ট্রেনে যাত্রীদেরকে ফুল দিয়ে রেলওয়ে সপ্তাহের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এসময় যাত্রীদের বিভিন্ন অভিযোগের কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

নিরাপদ সড়ক চাই-নিসচা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু বলেন, বাংলাদেশ রেলওয়ে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। নিসচা যেমনি দুর্ঘটনামুক্ত সড়ক প্রতিষ্ঠার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তেমনি রেলের সেবা ও নিরাপত্তা রক্ষার কাজে কাজ করে যাবে। তিনি নিসচার পক্ষ থেকে রেলওয়েকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রেলওয়ে সেবা ও নিরাপত্তা সপ্তাহ পালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত