রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং

০৭ ডিসেম্বর, ২০১৮ ২০:৫৩

বানিয়াচংয়ে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া

বানিয়াচংয়ের হাটবাজারগুলোতে শীতকালীন সবজির যথেষ্ট সরবরাহ থাকলেও সে অনুযায়ী দাম কমছে না। ভরা সবজীর মৌসুমে যদিও কয়েক সপ্তাহ ধরে সবজির দামে যে উত্তাপ ছিল, তা কিছুটা হলেও এখন পড়তির দিকে। মরিচ, ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, টমেটোসহ কিছু সবজির দাম আগের চেয়ে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমলেও বেশিরভাগ সবজির দাম এখনও বেশ চড়া রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের নতুনবাজার, বড়বাজার, আদর্শবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ওইদিন বাজারে মরিচ বিক্রি হয়েছে ৮০ টাকায় যা গত সপ্তাহের দামের চেয়ে ১০ থেকে ২০ টাকা কম। আগের সপ্তাহে ফুলকপি ৬০ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার কেজিতে ১০ কমে ৫০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে আগের সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা কমে মিলছে বাঁধাকপি ও মুলা। বাঁধাকপি ৫৫ এবং মুলা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ৮০ টাকা দামের শিম ৬০ থেকে ৭০ টাকায় মিলছে। খুব অল্প হলেও বাজারে নতুন কাঁচা টমেটো আসায় দাম কমেছে কিছুটা। গত সপ্তাহের ১০০ টাকা দামের টমেটো বৃহস্পতিবার মানভেদে বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়।

তবে বেগুন, বরবটি, কাঁকরোল, চিচিঙ্গা, কচুর লতি, মিষ্টি কুমড়া, আলু, পটল, বিভিন্ন শাক আগের চড়া দামেই বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, বরবটি ৮০, কচুর লতি ৬০, চিচিঙ্গা ৬০, কাঁকরোল ৮০, মিষ্টি কুমড়া ৩০, দেশি আলু ৪৫ টাকা, মাঝারি সাইজের এক আঁটি মিষ্টিকুমড়া শাকের দাম ৩৫-৪০ টাকা, এক আঁটি লালশাক ৩০, মুলাশাক আঁটি প্রতি ২০, পুঁই শাক আঁটি প্রতি ৩০ এবং জোড়া আঁটি কলমী শাক ৩০ টাকায় বিক্রি হয়েছে।

বড়বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ হেলাল এই প্রতিবেদককে বলেন, এখন বাজারে আগের চেয়ে বেশি শাক-সবজি আসছে। তাই ধীরে ধীরে দামও কমতে শুরু করেছে। সবজি আসার পরিমাণ বাড়লে দাম আরও কমবে।

বিক্রেতা সবজির দাম কমার দাবি করলেও ক্রেতা মো. রেজাউর রহমান বলেন, বাজারে সবজির সরবরাহ প্রচুর। এমন সময় কোনো সবজির দামই ৫০ টাকার উপরে থাকার কথা নয়। অথচ বিক্রেতারা সবজির দাম কমাতে গড়িমসি করছেন।

এদিকে গত সপ্তাহের তুলনায় বয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকা, পাকিস্তানী লাল মুরগি ২৩০-২৪৫ টাকা এবং দেশি মুরগি ৩৫০-৩৬০ এবং হাড়সহ গরুর মাংস ৫০০ থেকে ৫৫০, হাড় ছাড়া গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা এবং ছাগলের মাংস কেজি প্রতি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মাছের সরবরাহ আগের চেয়ে কিছুটা বাড়ায় দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। মাঝারি সাইজের রুই বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ২৫০ টাকা, কাতলা ২০০ থেকে ২২০ টাকা, চিংড়ি আকার ভেদে ৪০০ থেকে ৬০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০,পাঙ্গাশ ১৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত