বড়লেখা প্রতিনিধি

২২ জুলাই, ২০১৫ ২২:০৯

সরকার তৃণমূল মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে : হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামীলীগ উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু দল গঠন করার পর হতে ধাপে ধাপে আওয়ামীলীগ আজ এই জায়গায় এসেছে। শেখ হাসিনার সরকার দেশের তৃণমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি ক্ষমতায় এসে, দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কারণ এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই বাংলাদেশ স্বাধীন হলেও কোন দিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সারাজীবন ভিক্ষার ঝুলি নিয়ে চলতে হয়, ৫ বছর ক্ষমতায় থেকে বিএনপি-জামায়াত জোট সেই চেষ্টাই করে গেছে। আমরা বীরের জাতি, আমরা চাই বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, আত্মনির্ভরশীল হবে। বিশ্বের বুকে সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। এ লক্ষ্য নিয়েই শেখ হাসিনা সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। যে কোন পরিস্থিতি মোকাবেলা করে একমাত্র আওয়ামীলীগই দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারে।

হুইপ বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারব বলে আশা করি। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউপির চিন্তাপুর গ্রামের বাজারী ছড়ার উপর প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ব্রীজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউপি আওয়ামীলীগ সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সম্পাদক সাজিদুল মজিদ নিকুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, হুইপ মো: শাহাব উদ্দিনের একান্ত সহকারী সচিব কবিরুজ্জামান চৌধুরী, সমাজসেবক আব্দুল ওদুদ মাস্টার, ইউপি আওয়ামীলীগ সহ-সভাপতি সফিক উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত