সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:০০

‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় মই মার্কায় ভোট দিন’

সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পালের মই মার্কার সমর্থনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র প্রতিনিধি সভায় সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, শ্রমজীবী মানুষের জীবন আজ সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। মানুষের হাতে কাজ নেই, কাজ থাকলে ন্যায্য মজুরি নেই। প্রতিদিন বাড়ছে জীবনযাত্রার ব্যয়, বাড়ছে না মানুষের আয়। শ্রমিকের ন্যায্য মজুরির তথা অধিকার রক্ষার আন্দোলনকে সরকার দমন করতে চায়। ট্রেড ইউনিয়ন অধিকারকে সংকুচিত করা হচ্ছে।

এ অবস্থা থেকে উত্তরণে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় মই মার্কায় আগামী নির্বাচনে ভোট দেয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন শাহজান আহমদ, মামুন ব্যাপারী, সুরঞ্জিত মোধি, নিপা মোধি রফিক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত