ছাতক প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৮ ০০:৪৮

বিএনপির প্রার্থী মিজান চৌধুরীর গণসংযোগ ও মতবিনিময়

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকায় নেতা-কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ীদের সাথে কুশল ও মতবিনিময় করেছেন। শনিবার (৮ডিসেম্বর) বিকেলে ছাতক উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে তিনি উপস্থিত হয়ে মতবিনিময় করেন।

সকালে বিমান যোগে ঢাকা থেকে সিলেটে পৌঁছে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী প্রথমে হযরত শাহজালাল(র:) ও শাহপরান(র:) এর মাজার জিয়ারত ও পিতা-মাতার কবর জিয়ারত করে তার নির্বাচনী এলাকা ছাতকের উদ্দেশ্যে যাত্রা করেন। সুনামগঞ্জের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে অপেক্ষমাণ নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সাথে তিনি মতবিনিময় করেন। পরে চৌকা পয়েন্ট, কামারগাঁও বাজার, ইসলামগঞ্জ(খাসগাঁও) বাজার ও কৈতক পয়েন্টে নেতা-কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।

এসময় মিজানুর রহমান চৌধুরী দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব তারেক রহমান ও দলীয় হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রার্থী বিবেচনা না করে দলের ও গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গণতন্ত্রের প্রতীক ধানের শীষ প্রতীকের বিজয় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে দল জয়ী হলে, গণতন্ত্রের জয় হবে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আপোষহীন নেত্রী খালেদা জিয়া মুক্ত হবেন।

এসময় ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সদরুল আমিন সুহান, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টারসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত