শ্রীমঙ্গল প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৮

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৮ উপলক্ষে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন, দুপ্রক ও সনাক শ্রীমঙ্গল এর যৌথ উদ্যোগে মানববন্ধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় সনাক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ ও দুপ্রক সভাপতি ডা. হরিপদ রায় এর নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে র‍্যালি শুরু হয়ে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন ও র‌্যালিতে উপস্থিত ছিলেন সনাক সদস্য, দুপ্রক সদস্য, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শ্রীমঙ্গলের সরকারি ও বেসরকারি কলেজের ছাত্রছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এবং স্বজন সদস্য শাহ আরিফ আলী নাসিমের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভায় স্বাগত বক্তব্য ও দিবসটির পরিচিতি এবং তাৎপর্য ব্যাখ্যা করেন সনাকের সভাপতি সৈয়দ নেসার আহমদ।

দুর্নীতিবিরোধী কার্যক্রমে দুপ্রক এর ভূমিকা নিয়ে আলোচনা করেন ডা. হরিপদ রায়, দুর্নীতি বিরোধী কার্যক্রমে সনাক টিআইবির ভূমিকা নিয়ে আলোচনা করেন দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আব্দুল মালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সততা সংঘের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ধর্মীয় নীতিবোধ, রাজনৈতিক স্বদিচ্ছা এবং প্রশাসনিক যন্ত্র সঠিকভাবে কাজ করলে সমাজের ৯০% ভাগ দুর্নীতি দমন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। আসুন সবাই মিলে দুর্নীতিকে না বলি। দুর্নীতি হ্রাস করতে হলে স্বদেশ প্রেম জাগ্রত করতে হবে এবং সবার আগে তরুণদের এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়ার অঙ্গিকার করতে হবে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. শাহিদুল ইসলাম।  

বক্তরা আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে সকলের বিবেককে জাগ্রত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত