কমলগঞ্জ প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:০৬

কমলগঞ্জে রোকেয়া দিবস ও দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

মৌলভীবাজারের কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০১৮ ও আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০১৮ পালন করা হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোকেয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাসের সঞ্চালনায় বেগম রোকেয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, মুন্না রায়, সাংবাদিক আব্দুল হান্নান চিনু প্রমুখ।

দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, আজ নারীরা আর পিছিয়ে নেই। তাদের প্রয়োজনীয় সহযোগিতা করলে তারাই দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন। নারীরা প্রশাসনিক কাজ থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সকল ক্ষেত্রে সফল। সফল এই নারীদের দিকে থাকিয়ে বর্তমানের নারী শিক্ষার্থীরা ভবিষ্যতের সফল নারী হতে পারবেন বলেও মন্তব্য করেন বক্তারা।

আলোচনা সভায় কমলগঞ্জের মনোনীত দুই জয়িতা শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের সেলিনা বেগমকে নির্যাতনের বিভীষিকাময় বিভাগে ও সমাজ উন্নয়নে কমলগঞ্জ পৌরসভার গোপালনগর এলাকার রোমানা আক্তারকে সংবর্ধনা প্রদান করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০১৮ উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন কর্মসূচী পালন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    
“টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে  আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার।

সভায় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, নারীনেত্রী মুন্না রায়, কমলগঞ্জ উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষিকা বিলকিছ বেগম ও সাংবাদিক মুজিবুর রহমান।

শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত