সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৩২

গোয়াইনঘাটে দিলদার সেলিমের মতবিনিময়

সিলেট-৪ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার গোয়াইনঘাট উপজেলার নোয়াগ্রামে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর বাড়ীতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন- ধানের শীষ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আসন্ন নির্বাচন গতানুগতিক নির্বাচনের মত নয়। এই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সম্পর্ক জড়িত। তাই সকল ভেদাভেদ ভুলে ব্যক্তি নয়, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শহীদ জিয়ার সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি দিলদার হোসেন সেলিম।

এসময় দিলদার হোসেন সেলিম তাঁর বক্তব্যে বলেন- আমি অতীতে সিলেট-৪ জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করেছি। এবারও দল আমাকে এই জনপদের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা সিলেট-৪ সহ সারাদেশের সবকটি আসনে গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে শহীদ জিয়ার সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইস্পাত কঠিন ঐক্যই আমাদের বিজয়ের পথকে প্রশস্ত করতে পারে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর হক খোকন, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহপরান, বিএনপি নেতা খালেক চেয়ারম্যান, শাহাবুদ্দিন চেয়ারম্যান ও মো. শাহজাহান প্রমুখ।

সভায় গোয়াইনঘাট উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত