২৪ জুলাই, ২০১৫ ১৩:২৩
রাজনের বাবা-মাকে স্বান্তনা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী (ফাইল ছবি)
শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় মামলা নিতে গাফিলতি ও আসামীদের পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ দুপুরে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এমন হুশিয়ারি উচ্চারণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে যাদের দায়ী করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিন দিনের সফর শেষে আজ ঢকা ফিরে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বুধবার সিলেট এসেই রাজনের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে স্বান্তনা জানান।
রাজন হত্যায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটি বৃহস্পতিবার রাত ১১ সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদন দাখিল করে। ৪২৪ পাতার এই প্রতিবেদনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোন কললিস্ট যুক্ত করে দেওয়া হয়।
তবে প্রতিবেদন কোন কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতি ও আসামীদের সাথে সখ্যতার প্রমান পাওয়া গেছে তা জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন।
রাজন হত্যাকাণ্ডের পর আসামি মুহিতকে বাঁচাতে এবং মুহিতের সৌদিপ্রবাসী ভাই কামরুলকে পালিয়ে যেতে সিলেটের জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলাম সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ করেন রাজনের বাবা। এছাড়া দায়িত্বে অবহেলা ও রাজনের বাবার সঙ্গে খারাপ ব্যবহারেরও অভিযোগ ওঠে পুলিশে এই দুই সদস্যের বিরুদ্ধে।
এই অভিযোগের প্রেক্ষতে তদন্ত কমিটি গঠনের পরই অভিযোগের প্রথমিক সত্যতা পেয়ে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এসআই আমিনুলকে।
আপনার মন্তব্য