২৪ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৪
জেএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জ জেলায় সবচেয়ে ভালো ফল করেছে সরকারি সতীশ চন্দ্র বালিকা (এসসি বালিকা) উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয়ের ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষার্থী অসুস্থতার জন্য পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষায় অংশ নেওয়া ২৪০ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।
সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ মাসহুদ চৌধুরী বললেন,‘শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা মনোযোগী থাকায় ফলাফল আশানুরূপ হয়েছে। ভবিষ্যতে আরও ভাল হবে এই প্রত্যাশা করছি।'
শহরের অন্য সরকারি বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২৩২ শিক্ষার্থীর একজন পরীক্ষায় অংশ নেয়নি। ২৩১ জন অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
জানা যায়, জেলার জে.এস.সি পরীক্ষার্থী ছিল ৩৩২৮৮ জন, পাশ করেছে ২৬ হাজার ২৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন। জে.ডি.সি পরীক্ষার্থী ছিল ৫৬০৩ জন, পাশ করেছে ৫০৫২ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭ জন।
আপনার মন্তব্য