সুনামগঞ্জ সংবাদদাতা

২৬ জুলাই, ২০১৫ ১৯:১০

শাল্লায় নৌকাডুবিতে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শাল্লার হাওরে ইঞ্জিনচালিত ডিঙি নৌকাডুবিতে মা-মেয়েসহ ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো একজন। রোববার দুপুরে শাল্লার ভেড়া মোহনা হাওরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে ১২ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ডিঙি নৌকা সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুরে আসার পথে ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ঢেউয়ের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়।

খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে লোকজন এসে ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করলেও ডুবে মারা যান দামপাড়া গ্রামের ইমরুল মিয়ার স্ত্রী রাসেনা বেগম (২৫) ও তার শিশু কন্যা জনি আক্তার (৫), ইমরুলের আত্মীয় সাদিকুর রহমানের শিশু কন্যা সোনিয়া আক্তার (৩)। জ্যোৎস্লা বেগম (৩৫) নামে আরেক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। তার বাড়িও দাম পাড়া গ্রামে। তিনি কবির মিয়ার স্ত্রী।

শাল্লা থানার ওসি আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত