২৬ জুলাই, ২০১৫ ২৩:০৬
উল্টো রথের মধ্যদিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে সিলেট নগরীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেন উৎসবের আমেজে। রোববার বিকেলে বিভিন্ন মন্দির থেকে রথ নিয়ে নগর প্রদক্ষিণ করে রিকাবীবাজারে গিয়ে জড়ো হয়।
রিকাবীবাজারে রথযাত্রা উৎসেবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সকলে অংশ নেন উল্টো রথযাত্রায়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূণ্যার্থীরা উল্টো রথ মন্দিরমুখী টেনে নেন।
এর আগে গত সপ্তাহে উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে শুরু হয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করে থাকেন। সনাতন ধর্ম মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।
এদিকে, রথযাত্রা উপলক্ষ্যে সিলেট নগরীর রিকাবিবাজার এলাকায় সাত দিন ব্যাপী চলে আসছে রথমেলা। তবে রথ শেষ হয়ে গেলেও রয়ে গেছে মেলা।
কথিত আছে, আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, তার ভাই শ্রী শ্রী বলভদ্র (বলরাম) ও বোন শ্রী শ্রী সুভদ্রাকে সঙ্গে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে নয়দিন অবস্থানের পর আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমেই যুগযুগ ধরে চলে আসছে এই উৎসব।
আপনার মন্তব্য