সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৯ ২১:৪৭

নগরীতে ট্রাফিক সদস্যকে পিটিয়ে আটক সরকারি কর্মকর্তা

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে দায়িত্ব পালনরত অবস্থায় এক ট্রাফিক সদস্যকে পিটিয়েছেন তানজিল আহমদ নামের সরকারি ব্যাংকের এক কর্মকর্তা। শনিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানজিল আহমদ নামের ওই কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে নগরের চৌহাট্টা থেকে উল্টো রাস্তায় জিন্দাবাজার সড়কে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ আলী মোটরসাইকেলটি থামাতে সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে যাওয়ার চেষ্টা করলে এগিয়ে গিয়ে মোটরসাইকেলের গতিরোধ করেন ট্রাফিক কনস্টেবল। তাতেই বাধ সাধেন তানজিল আহমদ। তিনি মোটরসাইকেল থামিয়ে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক পেটান।

এক পর্যায়ে উপস্থিত স্থানীয় জনতা এগিয়ে এসে তানজিল আহমদকে নিবৃত করেন। পরে চৌহাট্টা পয়েন্টে থাকা ট্রাফিকের অন্য সদস্যরাও এগিয়ে এসে ওই কর্মকর্তাকে আটক করেন এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে কোতোয়ালি থানায় নিয়ে যান।

আটক বি এম আহমদ বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।  তানজিল আহমদ সুনামগঞ্জ জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে। এছাড়াও তিনি 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ জানান, পুলিশের কাজে বাধা ও ট্রাফিক পুলিশের সদস্যকে মারধরের ঘটনায় ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত