সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৯ ২০:৩৪

শিল্পকলা একাডেমির অসিত বরণ পুরস্কৃত

ইনোভেশন ও সৃজনশীল কাজে নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত পুরস্কৃত হয়েছেন। তিনি দেশের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি শিল্পকলা একাডেমির বিকাশ ও উৎকর্ষ সাধনের ক্ষেত্রে উদ্ভাবনী ও সৃজনশীল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়েছে।

দেশের ৬৩ জেলার সাংস্কৃতিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের প্রথমদিন শুক্রবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শ্রেষ্ঠ সৃজনশীল সাংস্কৃতিক কর্মকর্তার পুরস্কার হিসেবে অসিত বরণ দাশ গুপ্তের হাতে পদক, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো ‘সৃজনশীল কালচারাল অফিসার সম্মাননা ২০১৮’ পদক প্রবর্তন করে।

আপনার মন্তব্য

আলোচিত