২৮ জানুয়ারি, ২০১৯ ২২:০৯
আমি বঙ্গবন্ধুর অনুসারী। আমি গণফোরামের কেউ নই, বিএনপিরও কেউ নই। দেশের মানুষ আমাকে যে পরিচয়ে এতকাল ধরে চিনে আসছে সে অনুযায়ী অবশ্যই আমি জনগণের কথা বলার জন্য সংসদে যাব।
সোমবার (২৮ জানুয়ারি) এমনই মন্তব্য করেছেন ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হওয়া সাংসদ সুলতান মো. মনসুর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। নির্বাচনে মৌলভীবাজার-২ আসনের নৌকার প্রার্থী বিকল্পধারার এম এম শাহীনকে পরাজিত করে নির্বাচিত হন তিনি।
নির্বাচনে ‘ভূমিধস’ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নৌকার নির্বাচিত সাংসদগণ শপথ গ্রহণ করলেও, বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ গ্রহণ করেননি। গণফোরাম থেকে প্রথমে তাদের দুই সাংসদ শপথ নিচ্ছেন বলে জানানো হলেও পরবর্তীতে ঐক্যফ্রন্টের বৈঠকের পর শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
অবশ্য গত রোববার থেকে ফের শোনা যাচ্ছে সুলতান মনসুর ও সিলেট-২ আসনের গণফোরামের সাংসদ মোকাব্বির খান শপথ নিতে যাচ্ছেন।
এ ব্যাপারে সুলতান মো. মনসুর বলেন, বাংলাদেশের মানুষ আমাকে যে পরিচয়ে জানে, আমি সে পরিচয়ে অবশ্যই সংসদে যাব, তবে যোগ দেওয়ার ব্যাপারে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, সময় হলেই দেখতে পাবেন। জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে ঐক্যপ্রক্রিয়ার পক্ষ থেকে নির্বাচনে গিয়েছি, আমি গণফোরামের কেউ নই, বিএনপিরও কেউ নই।
তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছেন, আমি জনগণের কথা, দাবিদাওয়া তুলে ধরার জন্য, সংসদে জোরালো ভূমিকা রাখার জন্য যাব। বাংলাদেশের মানুষ আমাকে যে পরিচয়ে এতকাল ধরে চিনে আসছে সে অনুযায়ী অবশ্যই যথাসময়ে ইতিবাচক পদক্ষেপ নেব, সংসদে যাব।’
আপনার মন্তব্য