নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০১৯ ২২:০৩

'পুনর্বাসন না করে হকার উচ্ছেদ চলবে না'

ফাইল ছবি

সিলেটে নিয়মিতই চলছে হকার উচ্ছেদ অভিযান। নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রতিদিন হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিলেট সিটি করপোরেশন। দিন নয় রাত নয়, যখন তখন হকার উচ্ছেদ অভিযানে নামছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীকে হকার মুক্ত করতে মেয়রের এ উদ্যোগ জনসাধারণের কাছে বেশ প্রশংসনীয় হলেও হকারদের পুনর্বাসন না করায় হকারদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। ফুটপাতে বসতে না পারায় অনেকে অতি কষ্টে দিনাতিপাত করছেন বলেও রয়েছে অভিযোগ।

হকার উচ্ছেদ বন্ধ করার দাবী জানিয়ে বুধবার (৩০ জানুয়ারি) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা সুমন এবং সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান যৌথ ভাবে বলেন, গত কিছুদিন ধরে সিলেট নগরীতে যানজট মুক্ত ও পরিচ্ছন্নতার নামে হকার উচ্ছেদ চলছে। কিন্তু তাদের পুনর্বাসনের জন্য কোন ব্যবস্থা করা হচ্ছে না। এটা একদিকে যেমন অমানবিক আবার অন্যদিক থেকে তাদের জীবন ব্যবস্থাও সংকটের মুখে পড়ছে। কিন্তু প্রশাসন এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না।

বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হকারদের উচ্ছেদের নামে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে আরো উল্লেখ করেন, তাদের সংগঠন ও সাধারণ হকাররা দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছে বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা চলবে না। তাই নেতৃবৃন্দ অবিলম্বে হকারদের দাবী মেনে নেয়া, পুনর্বাসন না করে হকার উচ্ছেদ বন্ধ করা এবং হকারদের হয়রানি বন্ধ করার দাবী জানান।

আপনার মন্তব্য

আলোচিত