০১ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:১২
ষষ্ঠ বারের মতো সিলেটে বর্ণমালার মিছিলের মাধ্যমে বরণ করা হলো ভাষার মাস ফেব্রুয়ারিকে। শুক্রবার সকাল ১০টায় এ বর্ণামালা মিছিলের আয়োচন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। মিছলিটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতেহাতে ছিলো লাল-সবুজের পতাকা আর ‘অ, আ, ক, খ’ বর্ণমালা এবং ১৯৫২, ১৯৭১ লেখা প্ল্যাকার্ড। মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সবার কণ্ঠে ছিলো একুশে ফেব্রুয়ারির সেই অমর সঙ্গীত- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।
ভাষার মিছিলটি শহীদ মিনারে পৌঁছার পর ছন্দ নৃত্যালয়ের নৃত্যশিল্পীরা ভাষার গানের সাথে নৃত্য পরিবেশন করে মিছিলটিকে বরণ করে নেন।
এছাড়া ভাষার মাস উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের সেই দিনগুলো।
গত ছয় বছর ধরেই সিলেটে বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে বরণ করা হচ্ছে ভাষার মাস। প্রতিবছর ভাষা সৈনিক অধ্যাপক মো. আব্দুল আজিজ এ মিছিলের উদ্বোধন করেন। তবে এবার তিনি অনুপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে এই ভাষা সৈনিক উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন- সাংস্কৃতিক সংগঠক ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, আবৃতি সংগঠন উর্বশীর সভাপতি মোকাদ্দেছ বাবুল, মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্বানী অর্জুন, নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক প্রণব কান্তি দেব প্রমুখ।
মিছিল শেষে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা বক্তব্য রাখেন।
আয়োজক সংগঠন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু বলেন, এটি বর্ণমালার মিছিলের ষষ্ঠ বারের আয়োজন। আমরা প্রতিবছর এই আয়োজনটি করি মূলত দু’টি উদ্দেশ্যে। একটি হলো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং অন্যটি হলো নতুন প্রজন্মের সামনে আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে।
আপনার মন্তব্য