সুনামগঞ্জ প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:০১

স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে জগলুলকে সম্মান দেখাতে হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। অকাল প্রয়াত জনপ্রিয় এই রাজনীতিককে স্মরণ করতে সভায় কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন জুবিলীর মাঠে।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আয়ুব বখত জগলুল ছিলেন আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তিনি সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতেন। সততা ও সাহসের কারণে এই জেলার মানুষের মানুষের কাছে আস্থার জায়াগায় পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন আগাগোড়া একজন রাজনৈকি ব্যক্তিত্ব। জননেত্রী শেখ হাসিনা জগলুলকে অত্যন্ত স্নেহ করতেন। তার সব পরিকল্পনা আমাদের সরকার সমর্থন করে। সব কিছুই ছিল মানুষের জন্য। আমরা তার অসামাপ্ত কর্মপরিকল্পনা নেত্রীর সম্মুখে উপস্থাপন করব। নেত্রী সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে আশা রাখি। এ শহর প্রয়াত জগলুলেরর শহর। জগলুলের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে জগলুলকে সম্মান দেখানো হবে।

মন্ত্রী আরও বলেন, প্রয়াত জগলুল মেয়র নির্বাচিত হওয়ার পর উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে বদলে দেওয়ার কর্মযজ্ঞ শুরু করেছিলেন। কিন্তু অকালে চলে যাওয়ার সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে সংগঠিত করতে তার ভূমিকা ছিল অপরিসীম। জগলুল জীবনের বিভিন্ন পর্যায়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন দলকে শক্তিশালী করেছেন। তিনি তার কর্মের মাধ্যমে এ অঞ্চলের গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। তাকে হারিয়ে সুনামগঞ্জে মানুষ বিশেষ করে আওয়ামী লীগ যারপরনাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অকালমৃত্যু ক্ষতি আওয়ামী লীগ তথা সুনামগঞ্জবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি সহসা কাটিয়ে ওঠা সম্ভব নয়।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুরর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক এমপি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান সেলিম ও জিতেন্দ্র তালুকদার পিন্টুর যৌথ সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলার সহকারী পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মিজানুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা আ.লীগের কৃষিবিষয়ক সম্পাদক করুণাসিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

স্মরণসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্মরণসভায় উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার পর থেকে বিভিন্ন এলাকা থেকে শোক র‌্যালিসহ জগলুলের শুভানুধ্যায়ীরা জুবিলীর মাঠে স্মরণসভাস্থলে আসেন। সভা শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই ওই মাঠ শোকার্ত জনতার পদভারে পরিপূর্ণ হয়ে যায়। সভায় জগলুলের জীবন ও কর্মের ওপর লেখা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভার দুবারের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুল ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার অকালমৃত্যুতে সুনামগঞ্জ পৌর শহরসহ গোটা জেলায় শোকের ছায়া নামে। তার মৃত্যুতে পৌর মেয়রের শূন্যপদে তার অনুজ নাদের বখতকে বিপুল ভোটে বিজয়ী করে সুনামগঞ্জ পৌরবাসী।

আপনার মন্তব্য

আলোচিত