০২ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:৫৭
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, দেশের তরুণ প্রজন্মের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। বেকারত্ব দূর করতে শিক্ষার মান উন্নয়ন, গুণগত শিক্ষা ও তরুণদেরকে প্রশিক্ষণের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান সরকার অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) সিলেটে পৃথক পৃথক অনুষ্ঠানে ড. মোমেন এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জন্য মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পদকে কাজে লাগাতে না পারলে তা অভিশাপে পরিণত হয়। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য এবং দেশের উন্নয়নে তাদের মেধাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
সকাল ১১টায় সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) অডিটোরিয়ামে ‘কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ কে আব্দুল মোমেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শামীমা চৌধুরীর উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ উল হক, গ্লোবাল এডুকেশন প্র্যাকটিস, বিশ্বব্যাংক এর টাস্ক টিম লিডার ড. মো. মুখলেছুর রহমান, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম প্রমুখ।
এদিকে ব্লুবার্ড স্কুল এন্ড কলেজে একাডেমিক ভবন উদ্বোধন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন সিলেট নগরীর সুবিদবাজারস্থ বার্ড স্কুল এন্ড কলেজে ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। গত সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুপুরে এ ভবনের উদ্বোধন উপলক্ষে ব্লু-বার্ড ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবন উদ্বোধন শেষে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ. কে আব্দুল মোমেন। ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিলেট জেলা প্রশাসক কাজী এম. ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ উল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকিব বাবলু। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের জাঙ্গাইলস্থ সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও অপর একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। শনিবার বিকেলে প্রতিষ্ঠান ক্যাম্পাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন তিনি। একই সঙ্গে একই ক্যাম্পাসে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে আরেকটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
এ উপলক্ষে কলেজ মাঠে এক বিশাল সুধি সমাবেশের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সুজাত আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ. কে আব্দুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজ্র গোপাল দে চৌধুরী। মানপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুর রহমান। পরিচালনা করেন শিক্ষক অসীম তালুকদার।
ওইদিন বিকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুলস্থ আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির ৬তলা ভিত্তির উপর একতলা ভবনের উদ্বোধনের করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ উল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজাল, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফখর উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. তারা মিয়া। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য