০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:১০
সিলেটের মোগলাবাজার থেকে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণকারী চক্রের ‘মূলহোতাকে’ গ্রেপ্তার করেছে বলে দাবি করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
রোববার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় মোগলাবাজার এলাকার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঝন্টু আচার্য (১৮)। সে সিলেটের মোগলাবাজার থানার গোপালগ্রাম এলাকার সন্তোষ আচার্যের ছেলে।
এদিন সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া, র্যাব-৯) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ঝন্টু আচার্যকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আচার্য ঝন্টু (Acharjee jontu) নামে একটি একাউন্টের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখায় ঝন্টু। পরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকের কাছ থাকে একটি চক্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো। সেই প্রতারক চক্রের মূল হোতা ঝন্টু।
র্যাব আরও জানায়, পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোগলাবাজার রেলস্টেশন থেকে তাকে বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র বিতরণের মাধ্যম হিসাবে ব্যবহৃত স্মাটফোন, সিমকার্ড ও মেমোরিকার্ড জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত, স্ক্রিন শট ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়েরের পর মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
আপনার মন্তব্য