কুলাউড়া প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৫৪

কুলাউড়ায় নিয়ম না মেনে বালু উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ার মনু নদীর কটারকোনা ব্রিজের এক কিলোমিটার মধ্যে বালু উত্তোলনের দায়ে রিপন দে (৩২) নামে একজনকে অর্ধলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিউর রহিম জাদীদ।

জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এক ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ এর নেতৃত্বে একটি দল। সেখানে ইজারার শর্ত ভেঙ্গে হাজিপুর ইউনিয়নের মনু নদীর কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের মধ্য থেকে বেআইনিভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করেছিলেন শালন এলাকার নিতাই দে-এর ছেলে রিপন দে।

এ সময় রিপনকে আটক এবং বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি মেশিন জব্দ করা হয়। পরে বালু মহাল ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে নগদ ৫০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়।

পরে দণ্ডিত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি লাভ করেন। এছাড়াও জব্দকৃত বালু মেশিন ৩টি বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজারার শর্ত ভেঙ্গে কটারকোনা ব্রিজের নিকট থেকে তারা বালু উত্তোলন করছিলো। এতে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। অভিযান শেষে তাদেরকে সতর্ক করে এসেছি, ভবিষ্যতে শর্ত ভাঙলে আরও কঠোর আইন প্রয়োগ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত