গোয়াইনঘাট প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:২৪

গোয়াইনঘাটে রবি শস্য ক্ষেতে ইদুরের আক্রমণ

সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন স্থানে রোপনকৃত রবি শস্য, বোরো ধান, গমসহ মাঠে ফলানো ফসলে ইদুরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের তিতারাই, ছোটখেল, গহড়া, শিমুলতলা, তিতকুলি, নাইন্দার হাওর, বাউরভাগ হাওর, ভিত্রিখেল, লাখেরপাড়, আহারকান্দি, পান্তুমাই, হাতিরখাল, জয়নগর, তারুখালসহ আশপাশের এলাকার জমির ফসল বিনষ্ট করছে ইদুর।

এসব এলাকার জমির ফসল ঘরে তোলার আগেই ইদুরের পেটে চলে যাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন কৃষকরা।

বিভিন্ন এলাকার কৃষকদের সাথে আলাপকালে তারা জানান, কোন রকম রোগ বালাই ছাড়াই ভালো ফসল ফলেছিল। আশানরূপ বাম্পার ফলন হয়েছিল কিন্তু ইদুর এসব ফসল কেটে সাবাড় করছে। প্রতিদিনই গম, ফরাস, বোরো ধানের চারাসহ ক্ষেতের ফসল বিনষ্ট করছে ইদুর।

গোয়াইনঘাটের তিতারাই গ্রামের কৃষি উদ্যোক্তা হাজী আরশ আলী কালা মিয়া। তিনি বলেন, আমার বিস্তৃত ফসলের মাঠ জুড়ে রয়েছে রবি শস্য, গম, বোরো ধানসহ নানা ফসলাদি। ইদুরের উপদ্রবের কারনে ফসল বিনষ্ট হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা না থাকায় আমরা দিশেহারা হয়ে আছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান বলেন, গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে ইদুরের দ্বারা ফসল বিনষ্টের খবর শুনেছি। আমরা যতটুকু জানতে পেরেছি গমসহ ফসলের মাঠে পানির শুন্যতার কারনে ফলাফল কম হওয়ার উপক্রম হয়েছে। গম ক্ষেতে পানির ব্যবস্থা করলে ইদুরের উপদ্রব দ্রুত কমে আসবে এবং ফসলহানির ঘটনা রোধ পাবে।

আপনার মন্তব্য

আলোচিত