সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:০৫

নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১৩৬নং শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার' এবং মাল্টিমিডিয়া ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্কুল বিরতির সময় শংকরপুর গ্রামের মুক্তিযোদ্ধা এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাবু শ্যামল দাস মল্লিক কর্নারের উদ্বোধন করেন।

স্কুলের মাল্টিমিডিয়া ক্লাসে স্থাপিত এ কর্নারে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্য-প্রকাশনা, ছবি ও বিভিন্ন বই থাকবে।

প্রজেক্টরে মুক্তিযুদ্ধের উপর ডকুমেন্টারি ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মনোহর রায়, সহকারী শিক্ষক জিতেন্দ্র ভৌমিক, কয়েস মিয়া, মো. আনজির মিয়া, খণ্ডকালীন শিক্ষক মুরতি রাণী সরকার প্রমুখ।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সহকারী শিক্ষক কয়েস মিয়া বলেন, 'বর্তমান সরকারের এ উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

সহকারী শিক্ষক মো. আনজির মিয়া বলেন, 'আমি মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করি। আমি বিশ্বাস করি এই প্রাইমারি স্কুল থেকেই যদি বাচ্চারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে বড় হয় তবে তারাও বড় হয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে কোনদিন উদাসীন হবে না, আপোষ করবে না। পানিউমদা ইউনিয়নের মধ্যে শংকরপুর একটি অনগ্রসর গ্রাম। কিন্তু আমরা প্রমাণ করবো, সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে সবকিছুই সম্ভব। অল্প পরিসরে এই কর্নার শুরু করেছি কিন্তু ভবিষ্যতে এর পরিধি বাড়বে। ভবিষ্যতে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর মানবতাবিরোধী আল-বদর, রাজাকারদের তথ্যও প্রদর্শন করবো এবং মানবতাবিরোধী অপরাধের বিচার যে হচ্ছে তার ইতিহাসও সংযুক্ত করবো।'

মুক্তিযোদ্ধা বাবু শ্যামল দাস মল্লিক সম্মুখযুদ্ধের গল্প শুনিয়ে অনুষ্ঠান শেষ করেন।

আপনার মন্তব্য

আলোচিত