নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:৪৯

৯ ফেব্রুয়ারি নগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এবার সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ৬শ’ ৪১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় সিসিক হল রুমে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সেমিনারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০১৯ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিকল্প নেই। ৯ ফেব্রুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আন্তরিকতার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হবে। তবেই আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ মা ও শিশুদের সুস্থ রাখতে সক্ষম হবো।

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিসিকের সচিব বদরুল হক।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহেদুল ইসলাম সুমনের পরিচালনায় সেমিনারে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড সফল করতে সভায় বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

নগরীর বিভিন্ন এলাকা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনসহ সর্বমোট ২৪৭টি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকর্মীদের মাধ্যমে ৬২ হাজার ৬শ’ ৪১ জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন চলাকালে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন ৫৪ জন সুপারভাইজার।

আপনার মন্তব্য

আলোচিত