নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:৩৪

সিলেটে মহিলা ও মইনউদ্দিন কলেজে একদল ফিনিক্সের মাতৃভাষা চর্চা

একদিনে সিলেটের দুটি প্রতিষ্ঠানে শুদ্ধ বাংলা উচ্চারণ কার্যক্রম 'মাতৃভাষা চর্চা' পরিচালনা করলো সিলেটের তারুণ্যনির্ভর প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন ‘একদল ফিনিক্স’।

রোববার (১৭ ফেব্রুয়ারি)  সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজ ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে শুদ্ধ বাংলা উচ্চারণ কার্যক্রম ‘মাতৃভাষা চর্চা’ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় সিলেট সরকারি মহিলা কলেজে একদল ফিনিক্সের কর্মশালা সম্পাদক অলিউর রাহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি ও বাংলা বিভাগের প্রভাষক কয়েস মাহমুদ। আনুষ্ঠানিকতা শেষে প্রশিক্ষণ পর্বে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ দেন একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন।

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, বাংলা ভাষা নিয়ে এমন আয়োজন শুধু একবার নয়, নিয়মিত করা প্রয়োজন এবং প্রত্যেকটি অঙ্গনে আমাদের গর্বের এই ভাষা নিয়ে সচেতনতা ও চর্চা বাড়ানোর প্রয়োজন। এমনটা বলে একদল ফিনিক্সের মাতৃভাষা চর্চা কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি।

এর আগে সকাল ১০টায় মইনউদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজে শুরু হয় মাতৃভাষা চর্চা কার্যক্রমের কাজ। একদল ফিনিক্সের প্রচার সম্পাদক আদনান আনোয়ারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইনউদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির উদ্দিন ও সহকারী অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর। আলোচনা অনুষ্ঠানের পর মূল পর্ব প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাচিকশিল্পী চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান গুলজার আহমদ।

প্রশিক্ষক গুলজার আহমদ বলেন, ভাষার মাসে ভাষার চর্চার চেয়ে শুদ্ধতমো আনন্দ আর কি হতে পারে, যে ভাষা বিশ্বময়ী সেই ভাষা অর্থাৎ আমাদের বাংলা ভাষা শুদ্ধ রূপে চর্চা করতে একদল ফিনিক্স যে আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এত বৃহৎ পরিসরে সংগঠনটি কাজ করে যাচ্ছে তা সিলেটের  ইতিহাসে প্রথম। বিশ্বাস করি ফিনিক্সের মতো সবাই সবার যায়গা থেকে যদি একটু চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই সঠিক ভাবে ভাষার ব্যবহার ছড়িয়ে পড়বে সব যায়গায়।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ১৮ ফেব্রুয়ারি লিডিং ইউনিভার্সিটি, ১৯ ফেব্রুয়ারি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাহির আলী স্কুল ও দুপুর ১টায় রাগিব-রাবেয়া ডিগ্রী কলেজ। একুশের চেতনায় ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।

উল্লেখ্য, বাংলা ভাষার প্রতি সম্মান ও দায়বদ্ধতা থেকে ভাষা মাসে শুদ্ধ বাংলা উচ্চারণ ‘মাতৃভাষা চর্চা’ কার্যক্রমের উদ্বোধন হয় গত ৪ ফেব্রুয়ারি। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই কার্যক্রমের প্রকাশনা সহযোগী চৈতন্য প্রকাশনী।

আপনার মন্তব্য

আলোচিত