০২ আগস্ট, ২০১৫ ১৯:১৬
দিনভর দূর্ভোগ ও ত্রাস সৃষ্টির পর দুইদিনের জন্য স্থগিত করা হয়েছে অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট ও অবস্থান কর্মসূচী। প্রশাসনের আশ্বসের ভিত্তিতে রোববার বিকেলে দুই দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানান সিলেট জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া।
এরআগে রোববার সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করে অটোরিকশা শ্রমিকরা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে এ ধর্মঘট ও অবস্থা কর্মসূচীর ঘোষণা দেয় অটোরিকশা শ্রমিকরা।
দিনভর অটোরিকশা ধর্মঘটের কারনে দূর্ভাগে পড়তে হয় যাত্রীদের। নগরীর ভেরতে একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এদিকে সকাল থেকে অটোরিকশা শ্রমিকরা সিলেট-ঢাকা মহাসড়কের ৬ পয়েন্টে অবস্থান নেওয়ায় এই সড়কে চলাচলকারী বাস ও ট্রাকের চালক ও যাত্রীদের মধ্যে দো দেয় আতঙ্ক। দুপুরে দক্ষিণ সুরমার তেতলিতে একটি যাত্রীবাহি বাস ভাংচুরও করে আন্দোলনকারীরা। এতে আতঙ্ক আরো বেড়ে যায়।
ধর্মঘট ও অবস্থান কর্মসূচীতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দুপুর ১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশসন, পুলিশ প্রশাসন ও অটোরিকশা মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতিদেওয়া হলেও সিলেট-ঢাকা ও সিলেট-তামাবিল মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি প্রদানে অনীহা প্রকাশ করা হয়।
তবে সিলেট থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কে এ নির্দেশনা শিথিল করার আহ্বান জানান শ্রমিকপক্ষ। অপরদিকে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে বিকল্প পথে এসব যানবাহন চলাচলের অনুরোধ জানান কর্মকর্তারা।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এনডিসি’র নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। শ্রমিক প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ কমিটি সরকারী নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেবে।
এ বৈঠকে শেষে চলতি অনির্দিষ্টকালের ধর্মঘটের থেকে সরে আসতে অপারগতা জানান আন্দোলনারী নেতৃবৃন্দ। সোমবার থেকে আরোও কঠোর কর্মসূচী গ্রহণের ঘোষণা দেন তারা। তবে বিকেলে দুইদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া বলেন, প্রশাসনের আশ্বাসে আন্দোলন কর্মসূচী দুইদিনের জন্য স্থগিত কর হয়েছে। দুই দিনের মধ্যে আমাদের দাবি না মনলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।
আপনার মন্তব্য