সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:০১

সিলেট চলচ্চিত্র উৎসবকে স্বাগত জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী মার্চে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় সিলেট চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আয়োজনকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল নয়টায় সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কর্মীরা।

এ সময় তারা মন্ত্রীকে সিলেট চলচ্চিত্র উৎসবের যাবতীয় আয়োজন সম্পর্কে অবহিত করেন।

মন্ত্রী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, 'সিলেট চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের নাম উজ্জ্বল করবে এবং সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে প্রজন্মকে উৎসাহ যোগাবে।'

এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মোনায়েম হোসেন, সহসভাপতি উত্তম কুমার, প্রদর্শনী ও উৎসব বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন, সাংগঠনিক সম্পাদক দীপ তালুকদার, গোলাম কিবরিয়া সুমন, তাসনিমুল হক ইফতি ও রাজীবুল ইসলাম।

উল্লেখ্য, সিলেট চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসরে ১১১টি দেশ থেকে ৩০৩৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্য থেকে বাছাইকৃত ৯০টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ২০১৭ সাল থেকে স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদানে যাত্রা শুরু হয় সিলেট চলচ্চিত্র উৎসবের।

আপনার মন্তব্য

আলোচিত