০৮ আগস্ট, ২০১৫ ১৬:১২
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক সভায় বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমূুহনা এলাকার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন। সভার শুরুতে সাধারণ সম্পাদক রজত বিশ্বাস জেলার সাংগঠনিক সম্পাদক রিপোর্ট উপস্থাপন করেন। উত্থাপিত রিপোর্টের উপর আলোচনা করেন জেলা কমিটির ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল ও মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক তারেশ বিশ্বাস সুমন, সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা, কোষাধ্যক্ষ মীর মোঃ জসিমউদ্দিন, স’মিল শ্রমিক সংঘ হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মাসুক মিয়া, চা-শ্রমিক সংঘের আহবায়ক রাজদেও কৈরী, রিকশা শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, দর্জি শ্রমিক সংঘের নেতা মোঃ ইসলামউদ্দিন মাস্টার, জেলা কমিটির সদস্য মতিউর রহমান ও মোঃ জসিমউদ্দিন, শাহজাহান মিয়া প্রমূখ।
সভা থেকে রিকশা শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়াকে সাংগঠনিক কাজে বাধা দিয়ে পুলিশে সোপর্দ করার তীব্র নিন্দা জানান।
সভা থেকে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ৮ ঘন্টা কাজ, শ্রম আইন কার্যকর, সমকাজে সমমজুরি, চা-শ্রমিকদের ন্যায্য মজুরিসহ সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান, হোটেল ও স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম কার্যকর, সুনামগঞ্জের ধোপাজান ও যাদুকাটা নদী থেকে বালু পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা করে হাজার হাজার বারকি শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা বিধানের দাবি করা হয়।
আপনার মন্তব্য