০৮ আগস্ট, ২০১৫ ২১:২৬
ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট। শনিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকারীরা গ্রেফতার না হওয়া ও বিচারহীনতার ফলেই একের পর এক লেখক-ব্লগার হত্যার ঘটনা ঘটছে। ধারাবাহিকভাবে ব্লগারদের হত্যা করা হলেও সরকার এ ব্যাপারে একেবারে নিরব। খুনিদের ধরতে প্রশাসনও ব্যর্থ। সরকারের এই নিরবতা ও প্রশাসনের ব্যর্থতার কারনে খুনিরা আরো আস্কারা পাচ্ছে।
বক্তারা বলেন, উগ্রবাদি গোষ্টি এভাবে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে বাংলাদেশকে একটি উগ্র জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। এখনই এই গোষ্টিকে প্রতিহত করা সম্ভব না হলে বাংলাদেশকে কড়া মূল্য দিতে হবে।
বক্তরা বলেন, সিলেটে প্রকাশ্যে অনন্ত বিজয় দাশকে হত্যা করা হলেও তিন মাসে এই হত্যাকান্ডের কোন কুল কিনারা খোঁজে পায়নি পুলিশ। ধরা পড়েনি খুনিরা। এখন তদন্ত কার্যক্রমও বন্ধ হয়ে পড়েছে। সর্বশেষ নিলয়কে হত্যা করা হলো। এই খুনিরা ধরা না পড়লে আগামীতে এভাবে হয়তো আরো অনেককে খুন হতে হবে।
বক্তারা অভিলম্বে নিলয়সহ সকল ব্লগার হত্যাকারীদ্রের গ্রেফতার ও বিচার দাবি করেন। একইসঙ্গে প্রগতিশীল চিন্তা চেতনার সকল মানুষদের এই জঙ্গিবাদী গোষ্টির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সহিদুজ্জামান পাপলু, গণজাগরণ মঞ্চের সংগঠক আব্দুল বাতেন, সৈয়দ রাসেল, প্রগতি লেখক সংঘ সিলেটের সাধারণ সম্পাদক মাধব রায়, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, কবি আবিদ ফয়সাল, হিতাংশু বাবু, রনেন সরকার রণি, দেবব্রত চৌধুরী লিটন, অরুপ বাউল, মেঘদাদ মেঘ প্রমুখ।
আপনার মন্তব্য