সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৫ ২৩:৪২

পদত্যাগের সংবাদে ‘বিস্মিত’ বড়লেখা বিএনপি

গত ৪ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট টুডে ২৪ ডটকম’-এ ‘বড়লেখা উপজেলা বিএনপি’র ৫৯ নেতার পদত্যাগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু এবং পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম ও সম্পাদক রেহানা বেগম হাছনা।

সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু’র স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক গত ২২ জুন বড়লেখা উপজেলা ও পৌর শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি দু’টির অনুমোদন দেন যা তখন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

কিন্তু গত ৪ আগস্ট সম্পূর্ণ উদ্দেশ্য মুলকভাবে অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডে ২৪ ডট কমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদটিতে বড়লেখা উপজেলা ও পৌর কমিটি দুইটি ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি লিখায় আমরা বিস্মিত, মর্মাহত ও ক্ষুব্ধ।

প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করা হয়, দু’একজন নেতা তাদের কাঙ্খিত পদ না পেয়ে স্বাক্ষর জাল করে ৫৯ জন নেতার পদত্যাগ নাটক সাজিয়েছেন যার বাস্তব কোন ভিত্তি নেই। কারণ পদত্যাগের কাগজ উপজেলা ও জেলাতে এখন পর্যন্ত পৌঁছে নাই।

তাঁরা ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট প্রতিবেদককে অরো তথ্য নির্ভর ও যত্মশীল হওয়ার অনুরোধ জানান।

প্রতিবেদকের বক্তব্য : বড়লেখা উপজেলা বিএনপি’র ৫৯ নেতার পদত্যাগ শিরোনামে প্রকাশিত সংবাদটি তৈরি করতে ৫৯ নেতাকর্মীর পদত্যাগ পত্র প্রাপ্তি সাপেক্ষে, নবগঠিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু’র বক্তব্য সংগ্রহ করা হয়।

এছাড়া পদত্যাগী নেতা উপজেলা বিএনপির সহ-সভাপতি তুতিউর রহমান তুতাব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেহানা বেগম হাছনাসহ পদত্যাগী কয়েকজন নেতাদের পদত্যাগের সত্যতা নিশ্চিত হয়ে তাদেরও বক্তব্য প্রতিবেদন যুক্ত করা হয়।

পদত্যাগপত্র প্রাপ্তির বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রাব্বানির সাথে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগপত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।

এছাড়াও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি তৈরি করা হয়। প্রকাশিত সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত নয়। সংবাদটিতে প্রতিবেদকের নিজস্ব কোন মতামত স্থান পায়নি।

আপনার মন্তব্য

আলোচিত