নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০১৫ ১৫:০৬

মদন মোহন কলেজে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগের কর্মী খুন

নগরীর মদন মোহন কলেজে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগের কর্মী খুন হয়েছে। নিহত আবদুল আলী (১৯) কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আলী ছাত্রলীগের বিধান গ্রুপের কর্মী।

তবে ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে আলীকে হত্যা করা হয়েছে। এতে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।

কলেজ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আবদুল আলীর কথা কাটাকাটি হয়। বুধবার দুপুর ১২টার দিকে কলেজের মোহিনী মোহন ভবনের দ্বিতীয় তলায় সহপাঠী ছাত্রলীগ কর্মীরা আলীকে ছুরিকাঘাত করে।

পরে তাকে অন্যান্য ছাত্ররা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদও ছাত্রলীগ কর্মী আলীর মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানান- পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে।

আলী দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামের আকলিস মিয়ার ছেলে। ২ ভাই ১ বোনের মধ্যে আলী ছিল সবার বড়।

আকলিস মিয়া জানান, ছুরিকাঘাতে আলীমের বাম হার্ট ছিদ্র হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত