১৩ আগস্ট, ২০১৫ ০৯:৫১
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক, প্রবীণ নাট্যজন হেমচন্দ্র ভট্টাচার্য স্মরণে সিলেটে শোকসভার আয়োজন করা হয়েছে। সিলেট সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কবি নজরুল অডিটোরিয়ামে শোকসভাটি অনুষ্ঠিত হবে।
নাট্য পরিষদের প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ শোকসভায় থাকছে, হেমচন্দ্র ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকসঙ্গীত পরিবেশন ও তার কর্মময় জীবনের স্মৃতিচারণ। এছাড়াও থাকছে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও সিলেটের শিল্পীবৃন্দের পরিবেশনা।
শোকসভায় হেমচন্দ্র ভট্টাচার্যের জীবনকাহিনী নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘আয়না ঘর’ প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সভাপতি অনুপ কুমার দেব জানান, সিলেটের সংস্কৃতি অঙ্গণের প্রাণপুরুষ, জীবনব্যাপী শিল্পের সাধনায় মগ্ন এক সাধকপুরুষ হেমচন্দ্র ভট্টাচার্য। তার সৌম্য-শান্ত উপস্থিতি বিভা ছড়িয়েছে সংস্কৃতির সবুজ চত্বরে। তিনি আজ নেই। ৭৫ বছর বয়সে, বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন থাকাকালীন গত ২৭ জুন শনিবার তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন সংস্কৃতির প্রতি তাঁর অবিচল নিষ্ঠার এক বর্ণময় জীবন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হচ্ছে এই শোকসভা।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত প্রবীণ নাট্যজন হেমচন্দ্র ভট্টাচার্যের স্মরণে আয়োজিত এ শোকসভায় সংস্কৃতিপ্রেমী, নাট্যপ্রেমীসহ সর্বস্তরের সকলের উপস্থিতি কামনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
আপনার মন্তব্য