১৩ আগস্ট, ২০১৫ ২১:১৪
দেশে এখন মোটেও ক্ষুধা নেই, তবে দারিদ্রতা আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, দারিদ্রতা থাকলেও কঠিন দারিদ্রতা দূর হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্রতাকে চিরবিদায় জানানো হবে।
তিনি বৃহস্পতিবার বিকালে সিলেট সদর উপজেলায় ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আজ থেকে ৪৪ বছর আগে আমরা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিলাম। দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আজ বলতে পারি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হয়েছি।
তিনি বলেন, শুধু শহরে নয়, গ্রামের মানুষও সমান তালে এগিয়ে যাচ্ছে। সরকার তার সামর্থ্য অনুযায়ী দারিদ্রতা দূরীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর গতিধারা বাড়ছে।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ও গরিব মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারের দারিদ্রতা দূরীকরণের একটি উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জগত বিস্তৃত হবে এবং সেলাই মেশিন গরিব মহিলাদের কর্মশক্তি বাড়িয়ে দেবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আব্দুস সোবহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি হাজী মখলিছুর রহমান, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, টুলটিকর ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এএইচ এম মালিক ইমন প্রমুখ।
পরে অর্থমন্ত্রী নগরীর মুসলিম সাহিত্য সংসদে যুবলীগের শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া মন্ত্রী সিলেট স্টেডিয়ামে সাফ ফুটবলের বাংলাদেশ ও ভারতের মধ্যকার খলা উপভোগ করেন।
আপনার মন্তব্য