০৪ জুলাই, ২০১৯ ২১:৩৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে ৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদ।
৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ণ, মহাভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, সন্ধ্যা আরতি। এছাড়া বৃহস্পতিবার প্রথম দিন ধর্মীয় আলোচনা সভা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শেষের দিন উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রথযাত্রার প্রথম দিনে পূজার্চনার পরে শুরু হয় রথযাত্রার আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাসিক গৌরবাণী সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব (শ্যামল)।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মোহন চন্দ্র দেব। আলোচনা শেষে বিকাল ৪ টায় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নানা উপচারে সাজিয়ে বের হয় রথ। রথযাত্রা উৎসবের শুভ সূচনা করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
জগন্নাথ দেবের রথযাত্রাটি কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা বাড়ি থেকে বের হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা বাড়ি এসে শেষ হয়।
এদিকে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রী সূর্য্য দামোদর মন্দির ও পতনঊষার রাধামাধব সেবাশ্রম থেকে বৃহস্পতিবার বিকাল ৫টায় পৃথক দুটি রথযাত্রা বের হয়। রথযাত্রাটি রথের টিলা মাঠ প্রদক্ষিণ করে স্ব স্ব মন্দিরে ফিরে যায়।
এদিকে শমশেরনগর কালীবাড়ি থেকেও রথযাত্রা শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার মাধবপুর, আদমপুর, আলিনগর, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। আটদিন পর আগামী ১২ জুলাই জগন্নাথদেবেরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য